চুয়াডাঙ্গায় লটারিতে ৯৯ সহকারী শিক্ষকের পদায়ন

স্বচ্ছতা নিশ্চিত করতে নিজে উপস্থিত থেকে লটারি পরিচালনা করেন ডিসি লুৎফুন নাহার

আপলোড তারিখঃ 2026-10-18 ইং
চুয়াডাঙ্গায় লটারিতে ৯৯ সহকারী শিক্ষকের পদায়ন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিযুক্ত ৯৯ জন সহকারী শিক্ষককে লটারির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে জেলা প্রশাসক লুৎফুন নাহার নিজে উপস্থিত থেকে লটারির কার্যক্রম পরিচালনা করেন। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।


জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া শিক্ষকদের মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ২৯ জন, দামুড়হুদায় ২৮ জন, জীবননগরে ২৩ জন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন রয়েছেন। চার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁদের পদায়ন নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে।


পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে লটারির পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পন্ন করা হয়। এসময় জেলা প্রশাসক লুৎফুন নাহার লটারির কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, একই কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই লটারির আয়োজন করা হয়েছে। পুরো কার্যক্রম সবার উপস্থিতিতে পরিচালনা করা হয়েছে, যাতে পদায়ন নিয়ে কোনো ধরনের পক্ষপাত বা অনিয়মের সুযোগ না থাকে। লটারির মাধ্যমে প্রত্যেক শিক্ষকের বিদ্যালয় নির্ধারণ করা হয়েছে। এ ধরনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সবার আস্থা বজায় রাখাও গুরুত্বপূর্ণ।


জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল জানান, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের সব ধাপ সম্পন্ন করে নির্বাচিত প্রার্থীরা চলতি বছরের ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন। পরবর্তী ধাপে তাঁদের কর্মস্থল নির্ধারণের জন্য লটারির আয়োজন করা হয়। এর মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ জন সহকারী শিক্ষকের পদায়ন চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও জানান, লটারিতে নির্বাচিত বিদ্যালয়ে আগামীকাল (আজ) রোববার (১৮ অক্টোবর) শিক্ষকদের যোগদান করতে হবে। তাঁদের বেতন-ভাতা চলতি বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)