লালনের সুরে মুখর চুয়াডাঙ্গা, তিরোধান দিবসে নানা আয়োজনে স্মরণ

লালন সাঁই ছিলেন অসম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক: ডিসি

আপলোড তারিখঃ 2026-10-18 ইং
লালনের সুরে মুখর চুয়াডাঙ্গা, তিরোধান দিবসে নানা আয়োজনে স্মরণ ছবির ক্যাপশন:

বাউল সম্রাট ফকির লালন সাঁই-এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘লালন স্মরণানুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর লালন সাঁইয়ের জীবন, দর্শন ও সাধনা নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা বাউল কল্যাণ পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ।


অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, লালন সাঁই ছিলেন অসম্প্রদায়িক চেতনার একজন অন্যতম প্রতীক। আমাদের দেশ হাজার বছর আগে থেকেই অসম্প্রদায়িক একটি দেশ। লালন সাঁইয়ের মত যুগে যুগে অনেক অসম্প্রদায়িক চেতনার কবি, লেখক আমাদের এই বাংলা সাহিত্যে জন্মগ্রহণ করেছেন। তিনি মানুষের কথা বলেছেন, মানুষকে ভালোবাসার কথা বলেছেন। লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার বাণী আজও সমাজ ও বিশ্বজুড়ে সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর গান ও সাধনা আমাদের অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রাণিত করে।


তিনি আরও বলেন, লালন শাহ তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা দিয়েছেন। তাঁর দর্শন আমাদের সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লালন শাহের মানবতাবাদী দর্শন আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। তাঁর গান ও সৃষ্টিকর্মের চর্চার মধ্য দিয়ে আমরা একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব।


তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমাদের বাংলা সাহিত্য আমাদের দেশকে যা দিয়ে গেছে, যারা আমাদের সমৃদ্ধ করে গেছেন, তাদেরকে আমরা স্মরণ করব এবং তাদের আদর্শ অনুসরণ করব। আমরা লালন ভক্ত, রবীন্দ্র ভক্ত, নজরুল ভক্ত যা-ই হই আমাদের কাছে আমাদের দেশ সবার আগে। আমরা সবাই মিলে দেশটিকে গড়বো।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাঈফ, শহর বাউল একাডেমীর সভাপতি নওয়াব আলী শাহ, প্রমুখ।


এসময় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরন উর রশিদ শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ, শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, প্রমুখ। এছাড়াও স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বাউল শিল্পী এবং বিপুল সংখ্যক লালন অনুরাগী দর্শনার্থী উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় লালন সাঁইয়ের কালজয়ী ভাবসঙ্গীত। এ সময় সংগীত পরিবেশনা করেন, ধীরু বাউল, মনির বাউল, আল আমিন দেওয়ান, ফরহাদ বাউল, নোয়াব আলী, মাজেদ বাউল, রেশমা দেওয়ান, সাগর বাউল, মজিদ বাউল, মহি ফকির, জুড়ন বাউল। তারপর লালন সংগীত প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত হন গ্রুপ-ক থেকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণি থেকে ১ম হয় টুসানুর রহমান বিজয়া, ২য় আবতাহী বিনতে রহমান এবং চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে ৪র্থ শ্রেণি থেকে ৩য় ইসরাত জাহান ইয়া।


গ্রুপ-খ থেকে ১ম হয় সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণি থেকে অন্তরা আক্তার তিথী, ২য় চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তাসনিয়া আজাদ বর্ণ, ৩য় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণি থেকে ধৃতি দাস। গ্রুপ-গ থেকে ১ম হয় চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসনিম তাবাসসুম ছোঁয়া, ২য় এসএ সাদিক বিন রহমান, ৩য় আদর্শ মহিলা কলেজ থেকে সোহানিয়া শারমিন তুলি।
গ্রুপ-ঘ থেকে ১ম স্থান অধিকার করেন সাগর বাউল, ২য় শাহাব বাউল একাডেমি-এর সাংগঠনিক সম্পাদক বাউল ফরহাদ, ৩য় নওয়াব আলী শাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)