ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন লঙ্ঘন রোধ ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। গতকাল শুক্রবার শহরের শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেটে পৃথক তিনটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮টি মোটরসাইকেল আটক ও ৭টির বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং মোটরযান আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের বৈধ লাইসেন্স যাচাই করা হয়। এসময় আইন লঙ্ঘনের দায়ে মোটরসাইকেল আটকসহ সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার খানের নেতৃত্বে সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট ওয়াসিম, সার্জেন্ট নাজমুল ও ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) খায়রুলসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। পুলিশ জানায়, সড়কে দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
