চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ২৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবি

৭ দিন টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার

আপলোড তারিখঃ 2026-10-16 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ২৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবি ছবির ক্যাপশন:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা গেছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নেওয়া নিরাপত্তা পরিকল্পনায় ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা দুটি এবং সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা ২২টি পূজামণ্ডপ অন্তর্ভুক্ত করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায়ও প্রস্তুত থাকবেন বিজিবি সদস্যরা।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষ ও গণমাধ্যমের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।


তিনি গুজবে কান না দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বিজিবি উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সবার সহযোগিতা কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)