ছবির ক্যাপশন:
দুর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গায় বিভিন্ন পূজামন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা ও সমাজসেবক মোহা. হাসিবুল হক লিপু। এসময় পূজামন্দির ও পূজা উদ্যাপন কমিটির নেতাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গার দারুস সালাম রোডে হাসিবুল হক লিপুর অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসিবুল হক লিপু বলেন, ‘আমি প্রবাসে অবস্থানকালে মনে হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবে নিজের এলাকার সনাতনী ভাইদের সঙ্গে দেখা করতে পারলে ভালো লাগত। সেই ভাবনা থেকেই দেশে আসা এবং আপনাদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন। এখানে উপস্থিত সবাই আমার জন্মভূমির মানুষ। তাঁদের প্রতি নিজের কিছু দায়িত্ববোধ উপলব্ধি করেই আজ আপনাদের মাঝে এসেছি।’
তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের কল্যাণে কাজ করাকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন। ধর্ম ও পেশা নির্বিশেষে প্রত্যেক মানুষের সমান অধিকার নিশ্চিত করা এবং সবাই যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে ও সমান সুযোগ-সুবিধা নিয়ে পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা জরুরি।
বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, শরীফুজ্জামানের কাছ থেকে তিনি অনুপ্রেরণা পান। মানুষের কল্যাণে কাজ করা ও মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এই অনুপ্রেরণা তাঁকে উৎসাহিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমডাঙ্গা পৌর যুবদল নেতা খ. আব্দুল কাদের। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পরিমল কুমার কালু ঘোষ, রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সুধাংশু ব্যানার্জি, বাবুপাড়া মন্দির কমিটির অপু বিশ্বাস, জেলা পরিষদের সাবেক সদস্য তপন বিশ্বাস, বিশ্বজিৎ শাধুধা, লিপন বিশ্বাসসহ আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন পূজামন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
