ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাঁচমাইল বাজার এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালক মাহাবুল রহমান (৩৫) আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বাগুন্দ গ্রামের মৃত মঞ্চের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরোজগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে পাঁচমাইল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ চারজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ইজিবাইকচালক মাহাবুল রহমানের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহফুজুর রহমান নওশাদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উল্টে পড়ে থাকতে এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখি। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ইজিবাইকচালকসহ চারজন আহত হয়েছেন।’ দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে প্রয়োজনীয় সহযোগিতা করেন।
