ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে মুজিবনগর সংযোগকারী অতি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টগুলোর লাইট রাতের আঁধারে উধাও হয়ে গেছে। এতে করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ছিনতাই আতঙ্ক বিরাজ করছে। অতি দ্রুত এসব ল্যাম্পপোস্টের আলো সচল করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কটি প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম। রাতে যাতায়াতকারী মানুষের নিরাপত্তা এবং সড়ক দুর্ঘটনা রোধে সড়কের পাশে ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব এবং কর্তৃপক্ষের নজরদারির সুযোগে রাতের আঁধারে একের পর এক ল্যাম্পপোস্টের লাইট বা বাল্বগুলো গায়েব হয়ে গেছে। বর্তমানে শুধু খুঁটিগুলো দাঁড়িয়ে থাকলেও রাতে পুরো সড়ক ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে।
রাতের বেলা আলো না থাকায় সড়কটি এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। বিশেষ করে কার্পাসডাঙ্গা বাজার সংলগ্ন এলাকা ও নির্জন স্থানগুলোতে সন্ধ্যা নামলেই ভীতিজনক পরিবেশের সৃষ্টি হয়। ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা ছিনতাইয়ের ভয়ে তটস্থ থাকেন। ইতোমধ্যে এই সড়কে একাধিক ছোটোখাটো অপ্রীতিকর ঘটনা ও ছিনতাইয়ের চেষ্টা ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাতে এ পথ দিয়ে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্ধকারে কাকে বিশ্বাস করব বুঝতে পারি না। আলো না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা ছিনতাইয়ের শিকার হওয়ার ভয় থাকে। প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ, দ্রুত যেন লাইটগুলো পুরঃস্থাপন করা হয়।’
এলাকাবাসীর দাবি, অবিলম্বে উধাও হওয়া লাইটগুলো তদন্ত করে খুঁজে বের করা এবং নতুন আলো সংযোগের মাধ্যমে সড়কটি নিরাপদ করা হোক। একই সাথে রাতে এই সড়কে পুলিশি টহল জোরদার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।
