ছবির ক্যাপশন:
দর্শনা পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি ও পৌর এলাকার বিভিন্ন সমস্যা নিরসনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন পৌর প্রশাসক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় দর্শনা পৌরসভা হলরুমে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন। পৌর নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমানের সঞ্চালনায় সভার শুরুতে পৌরসভার বর্তমান কার্যক্রম, নাগরিক সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন পৌর প্রশাসক।
সভায় দর্শনা পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও নাগরিক সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকেরা। বিশেষ করে সড়ক যোগাযোগ, পরিচ্ছন্নতা, ড্রেনেজব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সুযোগ-সুবিধার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত টেকসই সমাধানের জন্য তাঁরা পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
সাংবাদিকদের বক্তব্য ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন মো. সাজ্জাদ হোসেন। তিনি চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পৌর প্রশাসক বলেন, আইন ও বিধিবিধান মেনে দর্শনা পৌরসভাকে জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে জনমুখী করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরসভার অনিয়ম, নাগরিক সমস্যা ও জনদুর্ভোগের চিত্র সাংবাদিকেরা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে প্রশাসনের পক্ষে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব। দর্শনা পৌরসভাকে সুন্দর ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে এবং প্রতিটি উন্নয়নকাজে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, যুগ্ম সম্পাদক হাসমত আলী, সহসভাপতি চঞ্চল মাহমুদ, রিফাত, মোস্তাফিজুর রহমান কচি, হানিফ মণ্ডল, আহসান হাবিব মামুন, আব্দুল আলিম, রাজিব মল্লিক, হারুনুর রশিদ রাজুসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া পৌরসভার প্রধান সহকারী শাহ আলম শাহ, কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরেফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, কার্যসহকারী হারুন অর রশিদ, কনজারভেন্সি ইন্সপেক্টর মোমিনুল ইসলাম ও কম্পিউটার অপারেটর মেহেদী হাসানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
