ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিনের সঙ্গে মতবিনিময় করেছেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নেতারা। সভায় দর্শনা শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, দর্শনাকে উপজেলা ঘোষণা, একটি হাসপাতাল নির্মাণ এবং দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে দুটি ট্রেন চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। এসব দাবির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির মুক্তমঞ্চ এলাকায় সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তোফাজ্জেল হক। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিন বলেন, দর্শনার উন্নয়নে ইতোমধ্যে তিনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে দর্শনা কেরু হাসপাতালে একজন এমবিবিএস চিকিৎসকের ব্যবস্থা করেছেন। এছাড়া মেমনগর সরকারি ক্লিনিক ও কেরু হাসপাতালে ২০ শয্যার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
দর্শনাকে উপজেলা করার বিষয়ে সংসদ সদস্য বলেন, এ নিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি এলাকাবাসীর গণস্বাক্ষরসহ আবেদন জমা দিতে বলেছেন। ব্যবসায়ী ও এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহে সহযোগিতা করলে উপজেলা ঘোষণার জন্য আবেদন করা সম্ভব হবে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ট্রেন চালুর বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে রেলওয়ে মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। রেলওয়েতে বগির স্বল্পতার কারণে বর্তমানে ট্রেন চলাচল শুরু করা যাচ্ছে না। বগির সংকট দূর হলে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া পর্যায়ক্রমে দর্শনা শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস দেন সংসদ সদস্য। সভা শেষে তাৎক্ষণিকভাবে রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের জন্য তিনটি ফ্যান প্রদান করেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বাজার কমিটির উপদেষ্টা ও চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহাবুবুল আলম খোকন, দর্শনা পৌর জামায়াতের আমির সাইকুল ইসলাম অপু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির নায়েব আলী, ব্যবসায়ী শাহাজাহান আলী ও সাংবাদিক আব্দুল গাফ্ফার। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন।
