চুয়াডাঙ্গার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

সড়ক অবরোধ করে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ, অভিযুক্ত গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-10-13 ইং
চুয়াডাঙ্গার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ এলাকার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল হোসেনকে মারধরের অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের দশমাইল চৌরাস্তায় এ কর্মসূচি শুরু হয়। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযুক্ত আদর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী গ্রামের বাসিন্দা।


অভিযোগ অনুযায়ী, গত রোববার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল হোসেনের ওপর হামলা চালান আদর আলী। এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের শাস্তির দাবিতে সোমবার সকালে সড়কে নেমে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক জাকিরুল হোসেন বলেন, তিনি বিদ্যালয়ের অফিসকক্ষে বসে খাওয়া-দাওয়া করছিলেন। এসময় আদর আলী অস্ত্র নিয়ে হঠাৎ তাঁর ওপর হামলা চালান। তাঁকে মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।
এদিকে, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। তিনি বিক্ষোভরত শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক অবরোধ তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান। প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।


এসময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিকাইল হোসেন উপস্থিত ছিলেন। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরীয়তুল্লাহ বলেন, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে অভিযান চালিয়ে সোমবার সকাল ১০টার দিকে আদর আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)