ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলায় কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বাঁকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আশরাফুল আলমকে ‘শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি কর্মকর্তা’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত বুধবার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতার স্বীকৃতি দেওয়া হয়। এসময় আশরাফুল আলমের নাম শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত আশরাফুল আলম জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত হাজী শাহাজান আলীর ছেলে। ভূমিসংক্রান্ত সেবা সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ অর্জনে অনুভূতি প্রকাশ করে আশরাফুল আলম জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানিসহ উপজেলার সব কর্মকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
