ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে অবস্থিত ইয়া রসুলুল্লাহ (স.) হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআনের নতুন সবক প্রদান ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের নতুন সবক প্রদান করা হয়। পাশাপাশি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরগঞ্জ কামিল মাদ্রাসার হাদিস বিভাগের প্রভাষক মাওলানা আব্দুর রহমান, এসআইইউবির সভাপতি মো. আহসান আলী এবং ইয়া রসুলুল্লাহ (স.) হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ফাহাদ।
অনুষ্ঠানে পবিত্র কোরআনের শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
