বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশ ও আলোচনা সভায় চুয়াডাঙ্গার দুই সংসদ সদস্য

শিক্ষার মানোন্নয়নে বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ

আপলোড তারিখঃ 2026-10-10 ইং
বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশ ও আলোচনা সভায় চুয়াডাঙ্গার দুই সংসদ সদস্য ছবির ক্যাপশন:

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সভাপতি আজিজুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, শিক্ষার মানোন্নয়নে জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে সংসদে কথা বলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি বলে তিনি মন্তব্য করেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ চলছে।


তিনি আরও বলেন, ধর্ম ও রাজনীতিকে আলাদা করার প্রচেষ্টা নিয়ে নানা আলোচনা রয়েছে। দেশের শিক্ষাব্যবস্থায় সনদনির্ভরতা বেড়েছে এবং শিক্ষার মান প্রত্যাশিত পর্যায়ে নেই। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। পাশাপাশি ইংরেজি শিক্ষায় দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।


আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ১৫১টি আসন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন রুহুল আমিন। তিনি বলেন, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের কারণে দলটি নির্বাচনে ভালো ফল করবে বলে তাঁরা আশাবাদী।


প্রধান বক্তা মাসুদ পারভেজ রাসেল বলেন, সম্প্রতি কয়েকটি দেশ সফরের অভিজ্ঞতায় দেখা গেছে, ছোট দেশ হয়েও সিঙ্গাপুর উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থান রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের আয়তন ও জনসংখ্যা তুলনামূলক বেশি এবং সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিয়ে হতাশা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, উচ্চশিক্ষার মান বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আদর্শ শিক্ষক পরিষদের জীবননগর শাখার সভাপতি হাফেজ বেলাল হুসাইন, চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি মতিউর রহমান, দামুড়হুদা থানা শাখার শিক্ষক পরিষদের শাহজাহান আলী, প্রাথমিক পরিষদের জেলা সভাপতি মাসুদ রানা, গাংনী-আসমানখালী শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আজহারুল ইসলাম এবং মাদ্রাসা পরিষদের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম মামুন। সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)