ছবির ক্যাপশন:
আন্তর্জাতিক পডিয়াট্রি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং ‘আব্দুল হামিদ ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিট’-এর উদ্যোগে এ বিশেষ চিকিৎসা সেবা ও সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. আবদুল্লাহ আল মামুন, গাইনী বিশেষজ্ঞ ডা. সামিনা আক্তার তন্বী এবং নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. আদনীন নাহার মৌনালী। দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার প্রায় শতাধিক রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে ডা. মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দমূলত পায়ের যত্ন, ডায়াবেটিক ফুট কেয়ার এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই আমাদের এই আয়োজন। সাধারণ মানুষ প্রায়শই পায়ের চিকিৎসাকে অবহেলা করেন, কিন্তু এই অবহেলা পরবর্তীতে বড় ধরনের জটিলতা কিংবা অঙ্গহানির ঝুঁকি তৈরি করে। সময়মতো সচেতনতা ও নিয়মিত পরীক্ষার মাধ্যমে এই ঝুঁকি এড়ানো সম্ভব।’
নিউরোমেডিসিন চিকিৎসক ডা. আদনীন নাহার মৌনালী জানান, বিভিন্ন বয়সের বহু মানুষÑবিশেষ করে ডায়াবেটিস ও পায়ের ব্যথাজনিত রোগীরা সেবা নিতে এসেছেন। ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র ও পরামর্শের পাশাপাশি অতিদরিদ্র রোগীদের মাঝে ‘ডায়াবেটিক সমিতি মেডিসিন ব্যাংক’-এর সৌজন্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি কর্তৃপক্ষ জানায়, মানবসেবায় তাদের এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
