ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো শুরু হয়েছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। জেলা পুলিশের আয়োজনে গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
প্রথম দিনের খেলায় জেলার বিভিন্ন থানার পুরুষ কাবাডি দল অংশ নেয়। প্রতিটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। খেলোয়াড়দের নৈপুণ্যে পুলিশ লাইন্স মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী দিনের তিনটি ম্যাচের মধ্যে প্রথম খেলায় চুয়াডাঙ্গা সদর থানা ৩৭-৪৩ পয়েন্টে জীবননগর থানার কাছে হেরে যায়। দ্বিতীয় খেলায় দামুড়হুদা থানা ৫০-১২ পয়েন্টে আলমডাঙ্গা থানাকে পরাজিত করে। দিনের শেষ খেলায় দর্শনা থানাকে ৩৮-২৫ পয়েন্টে হারায় চুয়াডাঙ্গা সদর থানা।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দলীয় চেতনা আরও বাড়বে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত ও প্রাণবন্ত করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন থানা থেকে আসা পুরুষ ও নারী কাবাডি দলের খেলোয়াড় এবং ক্রীড়ামোদীরাও উপস্থিত ছিলেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর দ্বিতীয় দিনের খেলা এবং ১০ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
#কমিউনিটি পুলিশ #কাবাডি
