চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণকালে শরীফুজ্জামান

মেশিন কৃষক ও সমাজের বৃহত্তর স্বার্থে কাজে লাগাতে হবে

আপলোড তারিখঃ 2026-10-06 ইং
চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণকালে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষকদের পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ২০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণসংক্রান্ত প্রণোদনা কর্মসূচির আওতায় এসব মেশিন বিতরণ করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় ৩০ টাকার পেঁয়াজের দাম ৩৫০ টাকা পর্যন্ত উঠতে দেখেছি। তাই কৃষকদের উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করে ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি করতে হবে। সরকারের দেওয়া এসব মেশিন যথাযথভাবে ব্যবহার করে কৃষকদের উপকার নিশ্চিত করতে হবে।


তিনি বলেন, কৃষি খাতে সরকার নানা ধরনের সহায়তা ও ভর্তুকি দিয়ে থাকে। এসব সুবিধা যেন সরাসরি কৃষকদের কাছে পৌঁছে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকেরা কৃষি খাতের বিভিন্ন সেবা আরও সহজে পাবেন বলেও উল্লেখ করেন তিনি। শরীফুজ্জামান শরীফ আরও বলেন, এই মেশিন শুধু ব্যক্তিগত কাজে ব্যবহার না করে কৃষক ও সমাজের বৃহত্তর স্বার্থে কাজে লাগাতে হবে। পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে বাজারে সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতেও এ প্রযুক্তি ভূমিকা রাখবে।


বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, প্রতিটি মেশিনের মূল্য প্রায় ২১ হাজার টাকা। এর পাশাপাশি মেশিন রাখার স্থান ব্যবস্থাপনার জন্য কৃষকদের ৭ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য এটি একটি সমন্বিত ও কার্যকর প্রণোদনা কর্মসূচি।


অনুষ্ঠানে উপকারভোগী কৃষকেরা বলেন, এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব হবে এবং পচন কমবে। এতে তারা উৎপাদিত পেঁয়াজের ভালো দাম পাওয়ার পাশাপাশি লাভবান হতে পারবেন। অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)