আলমডাঙ্গায় রাতের আঁধারে ৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2026-10-06 ইং
আলমডাঙ্গায় রাতের আঁধারে ৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের খালপাড়ে রাতের আঁধারে তিন কৃষকের প্রায় ৭০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। গতকাল সোমবার সকালে জমিতে গিয়ে কৃষকেরা কলাগাছ কেটে ফেলার বিষয়টি দেখতে পান। ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এসব কলাগাছ কেটে দেয়।


ভুক্তভোগী কৃষক মো. আতিয়ার রহমান বলেন, ‘আমি দিনমজুরি করে সংসার চালাই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আগের মতো কাজও করতে পারি না। বাড়ির পাশে ফজলুল হক খালের পাড়ে প্রায় ২০০টি কলাগাছ রোপণ করেছিলাম। কিছুদিনের মধ্যেই গাছে কলা আসার কথা ছিল। সকালে স্থানীয় এক কৃষক মোবাইল ফোনে জানালে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার সব কলাগাছ কেটে দেওয়া হয়েছে।’


আরেক কৃষক তুফান আলী বলেন, ‘কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এরপরও রাতের আঁধারে আমার প্রায় ২২০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আমার দুই লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।’ এদিকে কৃষক মিজানুর রহমান ও আব্দুস সালামেরও প্রায় ৩০০ কলাগাছ কেটে ফেলা হয়েছে বলে জানা গেছে।


স্থানীয় বাসিন্দা মোছা. চায়না খাতুন বলেন, ‘সকালে জমিতে বেগুন তুলতে গিয়ে দেখি, আমার ছেলে আব্দুস সালামসহ আতিয়ার রহমান, মিজানুর রহমান ও তুফান আলীর রোপণ করা কলাগাছগুলো কে বা কারা কেটে দিয়েছে।’
আলমডাঙ্গা থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, ‘এখনও কৃষকদের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)