ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪৫ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপ ও ১৮৯ বোতল ফেয়ারডিল কফ সিরাপসহ একজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এছাড়া ভারতীয় ২৩ প্যাকেট কীটনাশক উদ্ধার এবং অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
৫৮ বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রোববার ভোর চারটার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৮/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চারাতলা পাড়া গ্রামের মাঠে মো. আকবর আলীর কালাই খেতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. আব্দুস ছালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আব্দুল আজিজ (৪২) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৫ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপ, ১৮৯ বোতল ভারতীয় ফেয়ারডিল কফ সিরাপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আব্দুল আজিজ মহেশপুর থানার সামন্তা চারাতলা গ্রামের আলী কদরের ছেলে।
এদিকে, গত শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৭/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলুপাড়া মাঠের হালিমের আমবাগানে অভিযান চালায় বিজিবি। নায়েক মো. হারুনের নেতৃত্বে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানে আসামিবিহীন অবস্থায় ভারতীয় ২৩ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন বেলা ১টা ৪৫ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় ২৯০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের বাজারপাড়ায় মো. কবির হোসেনের বাড়ির সামনে নিয়মিত টহল পরিচালনা করে বিজিবি। সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে পরিচালিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি পুরুষ নাগরিককে আটক করা হয়। পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
