ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামে জমি বিরোধের জেরে নির্মাণাধীন প্রাচীর ও টিনের ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে কালিয়াবকরি গ্রামের হারুন-অর-রশিদ বাদী হয়ে ওই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের ৪১ নং রুদ্রপুর মৌজায় ৫.৬৮ শতক বসতভিটা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উক্ত জমিতে জোরপূর্বক ক্ষমতার প্রভাব খাটিয়ে দখল করার চেষ্টা চালিয়ে আসছিলেন বিরোধীরা। তাদের জমির কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও তারা নালিশি জমি দখল করে নেওয়ার পায়তারা করছিলেন। এ নিয়ে বিভিন্ন সময়ে ঝগড়া-বিবাদ, মারপিট ও হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বেলা ২টার দিকে নাটুদহ ইউনিয়ন ভূমি অফিস থেকে পিটিশন নম্বর ৭২৮/২৬ মোকদ্দমার তদন্ত কার্য শেষে ভূমি অফিসের লোকজন চলে গেলে, একই দিন দুপুরের দিকে নালিশি জমিতে থাকা হারুন-অর-রশিদের নির্মাণাধীন টিনের ছাউনিযুক্ত ঘর এবং প্রাচীর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়। এতে তার আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানানো হয়।
ভুক্তভোগী হারুন-অর-রশিদ বলেন, ‘কালিয়াবকরি গ্রামের মজিদসহ অন্যরা বিভিন্ন সময়ে আমাকে নানা ধরনের ভয়-ভীতি এবং হুমকি-ধামকি প্রদান করেছেন। এমনকি তারা মারপিট করতেও উদ্যত হয়েছেন। এই কারণে আমি ও আমার পরিবারের লোকজন শান্তিতে বসবাস করতে পারছি না এবং ভীত-সন্ত্রস্ত অবস্থায় জীবনযাপন করছি।’
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
