ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে সুলেমান (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার কোটচাঁদপুর-চৌগাছা সড়কের পাতিবিলা বালির গর্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নিহত সুলেমান মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের নূর হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, শুক্রবার বিকেলে পাঁচটি মোটরসাইকেলে করে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিল সুলেমান। পথের মধ্যে পাতিবিলার বালির গর্ত এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আশা আলমসাধুর সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন এবং আলমসাধুচালক আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলেমানকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি আপনাদের কাছ থেকেই অবগত হলাম। দুর্ঘটনা প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
