ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ী পুলিশ সুপারের ১০ মাসের কর্মকাল ও সাহসী পদক্ষেপগুলো স্মরণ করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, এই সংক্ষিপ্ত সময়ে মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে।
বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি এবং অপরাধ দমনে নেওয়া সাহসী ও সময়োপযোগী পদক্ষেপগুলো জেলায় প্রশংসনীয় পরিবর্তন এনেছে। মাত্র ১০ মাসের গৌরবময় কর্মকালেই তিনি জেলা পুলিশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
তারা বলেন, শুধু দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবেই নয়, উজ্জ্বল কুমার রায় মেহেরপুর জেলা পুলিশের প্রতিটি সদস্যের কাছে ছিলেন এক আস্থার প্রতীক ও অভিভাবক। সাধারণ পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের কল্যাণে তিনি সর্বদা নিবেদিতপ্রাণ ছিলেন। বিশেষ করে পুলিশ সদস্যদের ছুটি এবং পারিবারিক জরুরি প্রয়োজনে তাঁর সংবেদনশীল ভূমিকা ও সহমর্মিতা অধস্তনদের কাজের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। অসাধারণ ব্যক্তিত্ব ও অমায়িক ব্যবহারের মাধ্যমে তিনি পুরো জেলা পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল পরিবারের রূপ দিয়েছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা, সিভিল স্টাফ এবং পুলিশ সদস্যরা বিদায়ী সুপারের সাথে কাজের নানা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সম্মাননা ক্রেস্ট, বিশেষ উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁর পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, ওসি ডিবি, আরআই, কোর্ট ইন্সপেক্টর, টিআই, আরও-১ এবং সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।
