ছবির ক্যাপশন:
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মানোন্নয়ন, অনিয়ম বন্ধ এবং স্বাস্থ্যসেবা খাতকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে মানহীন ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তারা।
গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও বিপিএইচসিডিএর প্রধান উপদেষ্টা শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ^াস ডাম্বেল। তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ খাতগুলোকে এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। দেশের স্বাস্থ্যসেবার বড় একটি অংশ চিকিৎসক, ক্লিনিক ও ফার্মাসিউটিক্যাল শিল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে।
ডা. মোসাদ্দেক হোসেন বলেন, কোনো ধরনের মানহীন বা অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার অ্যাসোসিয়েশনের কেউ নেবেন না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত পরিদর্শন, সতর্কীকরণ এবং প্রয়োজন হলে মানোন্নয়নে ব্যর্থ প্রতিষ্ঠান বন্ধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ‘আমরা একটি বাণিজ্যিক সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন নই।’ সংগঠনের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশিত তথ্য ও আপডেট সদস্যদের অনুসরণ করার পাশাপাশি সহকর্মীদেরও অবহিত করার আহ্বান জানান তিনি।
লাইসেন্সের বিষয়ে তিনি বলেন, প্রতিবছর যথাযথভাবে লাইসেন্স নবায়ন ও নিরূপণ না হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে লাইসেন্সের আওতায় এনে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়ন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, নিজেদের মধ্যে অতিরিক্ত প্রতিযোগিতার কারণে একদিকে যেমন ডায়াগনস্টিক সেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর মধ্যে দূরত্বও বাড়ছে। অ্যাসোসিয়েশনকে কার্যকর করতে হলে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রয়োজন। তিনি বলেন, অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবার ক্ষেত্রে যৌক্তিক ও সমন্বিত নীতিমালা থাকা প্রয়োজন। একই সঙ্গে একদিকে সংগঠনের সদস্য হয়ে অন্যদিকে রোগী টানতে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে অসুস্থ প্রতিযোগিতা করা যাবে না। রোগী নিয়ে টানাটানি বন্ধ করে সেবার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে।
হাসপাতাল ও ক্লিনিককেন্দ্রিক দালালচক্রের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন হাসপাতালের আশপাশে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা নিতে আসেন। এ সুযোগে কিছু দালাল রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্দিষ্ট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। অথচ অনেক পরীক্ষা সংশ্লিষ্ট হাসপাতালেই করা সম্ভব। এ ধরনের কার্যক্রম বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, কারা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে পারবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্লিনিক প্রতিষ্ঠা, চিকিৎসকদের নিজেদের প্রতিষ্ঠানে নেওয়া কিংবা প্রভাব বিস্তার করে ব্যবসায়িক সুবিধা নেওয়ার মতো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, কোনো কোনো ক্ষেত্রে ক্লিনিক মালিকরা ভাঙচুর বা মবের শিকার হওয়ার অভিযোগ করেন। তবে নিজেদের মধ্যকার বিরোধ ও প্রতিযোগিতাও অনেক সময় বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিপিএইচসিডিএর সভাপতি ডা. তারিকুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল রাজা, বিভাগীয় সমন্বয়ক মোস্তফা কামাল, সদস্য কামরুজ্জামান রাসেল, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. হাসানুজ্জামান নুপুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান এবং পৌর বিএনপির সভাপতি ও বিপিএইচসিডিএর উপদেষ্টা সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা বিপিএইচসিডিএ এর সভাপতি ডা. তারিকুল আলম।
বিপিএইচসিডিএ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান মনার সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
