ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মেহেদী শাহরিয়ার। গতকাল সোমবার বিকেলে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় নবাগত পুলিশ সুপার কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মেহেদী শাহরিয়ার যশোর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি অর্জন করেন। ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। কর্মজীবনে মেহেদী শাহরিয়ার বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।
তিনি সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের স্থলাভিষিক্ত হয়েছেন। রুহুল কবীর খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
যোগদানের পর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. সোয়েব আহমেদ ও হিমন বিশ্বাসসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। তিনি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জেলা পুলিশের কার্যক্রমকে আরও জনবান্ধব, পেশাদার ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
