ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয় ও অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর ভৈরব নদের পন্ডেরঘাট অংশে এ পোনামাছ অবমুক্ত করা হয়। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত শওকত আরা আক্তার (উর্মি) ভৈরব নদে এই মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আঁখি আখতার, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ সহ স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মৎস্য সম্পদের উন্নয়ন, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ ধরনের পোনা অবমুক্তকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
