ছবির ক্যাপশন:
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। গোদাগাড়ী থানা-পুলিশের অনুসন্ধানের ভিত্তিতে তাকে আটক করা হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া সত্যতা নিশ্চিত করেন। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ দর্শনা থানায় তাকে সমর্পণ করেছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, রাজশাহী গোদাগাড়ী থানায় সংবাদ দেওয়া হয়েছে। তারা এলে তাদের নিকট সমর্পণ করা হবে।
