ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার বিভিন্ন সময় পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন আব্দুল্লাহ (৩০) দৈউলি গ্রামের জামাল উদ্দীনের ছেলে, ফরিদুল ইসলাম (২৬) দৈউলি গ্রামের মজিবর পন্ডিতের ছেলে ও মো. মাহাবুর রহমান (২৪) একই গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ সূত্র থেকে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের নেতৃত্বে থানায় কর্মরত এসআই মো. মাহাবুল হক ও এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন মালিতা মার্কেটের ২য় তলায় থেকে দৈউলি গ্রামের জামাল উদ্দীনের ছেলে আব্দুল্লাহকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিনে দামুড়হুদা থানাধীন দেউলি ক্লাবের সামনে পাকা রাস্তার ওপর থেকে দৈউলি গ্রামের মজিবর পন্ডিতের ছেলে ফরিদুল ইসলাম ও একই গ্রামের আনিছুর রহমানের ছেলে মাহবুবুর রহমানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে তিন গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে আদালত আসামি আব্দুল্লাহকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আর ফরিদুল ইসলাম ও মাহাবুর রহমানকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
