ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগরে রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে কেদারগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান।
উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও জালাল উদ্দিন। এছাড়া বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলাম আলী, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল হক এবং মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তারা। কর্মসূচিতে মুজিবনগর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
