ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড়ে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টার পর একাডেমি মোড় থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত আসামী আজাদ হোসেনের শরীর তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে একজনকে পালাতক দেখিয়ে আটককৃত দুই আসামীর বিরুদ্ধে মদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
জানা যায়, গতকাল ২টার পর চুয়াডাঙ্গা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৌর শহরে একাডেমি মোড়ে মাইক্রোস্টান্ডে অভিযান চালায়। অভিযানকালে আলমডাঙ্গা জাদবপুরের মাদকব্যবসায়ী দুইভাই আজাদ ও রাজু পালালেও এক হাজার পিস ইয়াবাসহ ঢাকা জেলার দক্ষিন কেরানিগঞ্জের আজাদ হোসেনকে (৩৮) আটক করে। পরে আটক ঢাকার কেরানিগঞ্জের আজাদের দেওয়া তথ্যেও ভিত্তিতে আলমডাঙ্গা যাদবপুরের মাদকব্যবসায়ী দুই ভাইয়ের মধ্যে আজাদ মোল্লাকে (৩০) আটক করে ডিবি পুলিশ।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজমুল হুদা সময়ের সমীকরণকে জানান, এসআই মুহিতুর রহমানসহ ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ২টার পর চুয়াডাঙ্গা পৌর শহরের একাডেমি মোড় মাইক্রোস্টান্ডের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঢাকা জেলার দক্ষিন কেরানিগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ার মৃত চুন্নু মিয়ার ছেলে আজাদ হোসেনকে আটক করেন। পরে আটককৃত আসামীর শরীর তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় আটককৃত কেরানিগঞ্জের আজাদের দেওয়া তথ্যেও ভিত্তিতে আলামডাঙ্গা যাদবপুরে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পালাতক মাদকব্যবসায়ী আপন দু’ভাইয়ের মধ্যে বড় ভাই রাজু পালালেও ছোট ভাই আজাদ মোল্লাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তারা যাদবপুরের তৈয়ব আলীর ছেলে। পরে রাজুকে পালাতক দেখিয়ে আটক দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
