উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাঁটু কাদা, নেই পানির টিউবওয়েল

নোংরা পরিবেশে চরম ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা

আপলোড তারিখঃ 2026-09-25 ইং
উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাঁটু কাদা, নেই পানির টিউবওয়েল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ১১০ নম্বর উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের সড়কজুড়ে হাঁটুসমান কাদা। বিদ্যালয়ের সামনের অংশে কাদা ও নোংরা পানিতে সয়লাব। এর সঙ্গে বিদ্যালয়ে সুপেয় পানি পানের জন্য নেই কোনো টিউবওয়েল। ফলে চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা।


স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ে যাতায়াতের পুরো সড়ক কাদায় পরিণত হয়। বর্তমানে বিদ্যালয়ের সামনের অংশেও হাঁটুসমান কাদা জমে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক শিক্ষার্থী কাদা মাড়িয়ে বিদ্যালয়ে আসতে গিয়ে পড়ে গিয়ে স্কুল ড্রেস, বই-খাতা ও ব্যাগ নষ্ট করছে। এ কারণে অনেক সময় ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে তারা।


শিক্ষার্থী ও স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সামনে বিভিন্ন স্থান থেকে আসা নোংরা পানি জমে থাকায় সৃষ্টি হয়েছে স্যাঁতসেঁতে ও দুর্গন্ধময় পরিবেশ। এতে শিক্ষার্থীদের শরীরে চুলকানিসহ বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে।


স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘সারা বাংলাদেশে উত্তর চাঁদপুরের মতো অবহেলিত স্কুল আর আছে কি না, জানি না। স্কুলে যাওয়ার সড়কজুড়ে কাদা, নেই কোনো বাউন্ডারি। বিদ্যালয়ের পেছনে গোবরের স্তূপ, আর সামনে হাঁটু কাদা। পুরো এলাকার ময়লা পানি এসে স্কুলের সামনে জমে থাকে। দুর্গন্ধ ও নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে কীভাবে শিশুরা লেখাপড়া করবে?’ তিনি আরও বলেন, ‘আমাদের দাবি, দ্রুত বিদ্যালয়ে যাওয়ার সড়কটি পাকা করা, বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ এবং সামনের অংশ মাটি দিয়ে ভরাট করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা হোক।’


বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় কাদায় তাদের পোশাক নোংরা হয়ে যায়। বিদ্যালয়ে কোনো টিউবওয়েল না থাকায় কাদা মাড়িয়ে আসার পর হাত-পা পরিষ্কার করারও সুযোগ নেই। ফলে শিক্ষক-শিক্ষার্থী উভয়কেই নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।


স্থানীয়রা জানান, বিদ্যালয়ের আশপাশে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।


উত্তর চাঁদপুরের শত শত কোমলমতি শিক্ষার্থীর দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত বিদ্যালয়ে যাতায়াতের সড়ক সংস্কার ও পাকা করা, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ, সামনের অংশ মাটি দিয়ে ভরাট এবং সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।


এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনসহ উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)