ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুহাম্মদজমা গ্রাম থেকে বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মুহাম্মদজমা গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- মুহাম্মদজমা গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৩)। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ সূত্রে আরও জানা যায়, বৈষম্যবিরোধী মামলার আসামিদের গ্রেপ্তারে বুধবার সকালে কুতুবপুর ইউনিয়নের মুহাম্মদজমা গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে কুতুবপুর পুলিশ ক্যাম্পের একটি দল। এএসআই সাহাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন।
কুতুবপুর পুলিশ ক্যাম্পের এএসআই সাহাজুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও আদালতের আইনগত নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আনোয়ার হোসেনকে থানায় আনা হয়েছে। মামলার নথিপত্র ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’ পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
