খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যার বিচার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন-বিক্ষোভ

দৃশ্যমান আইনি পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আপলোড তারিখঃ 2026-09-23 ইং
খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যার বিচার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন-বিক্ষোভ ছবির ক্যাপশন:

খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চুয়াডাঙ্গার সন্তান আজমুল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ও নিহতের পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি কোর্টমোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় হত্যার বিচার চেয়ে স্লোগান দেন তারা।


মানববন্ধনে অংশ নিয়ে স্বজন ও স্থানীয়রা বলেন, অনেক স্বপ্ন নিয়ে আজমুলকে বিশ^বিদ্যালয়ে ভর্তি করেছিলেন তার বাবা-মা। কিন্তু ভাত চুরির অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। পরে হত্যার ঘটনাকে আত্মহত্যা হিসেবে প্রচারেরও চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তারা। ঘটনার চার দিন পার হলেও জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান অংশগ্রহনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও দৃশ্যমান আইনি পদক্ষেপ নেওয়া না হলে শিক্ষার্থী ও স্বজনরা শান্তিপূর্ণভাবে আরও কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।


আজমুলের বাবা কুতুবউদ্দিন বলেন, ‘আমি আমার ছেলেকে খুব কষ্টে মানুষ করেছি। তাকে খুলনায় ভার্সিটিতে পড়তে পাঠিয়েছি, কিন্তু সেখানে মেহেদি নামে এক ছেলে তাকে হত্যা করে। হত্যার পর তাকে ছাদ থেকে ফেলে আত্মহত্যার বদনাম দেই, কিন্তু আমার ছেলে আত্মহত্যা করেনি। তাকে নির্মমভাবে হত্যা করে লাশ সেখানে রেখে দেই তারা। পরে তারাই তাকে হাসপাতালে নিয়ে যায় এবং যখন ডাক্তার আমার ছেলেকে মৃত ঘোষণা করে তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। এখনো অবধি আমার ছেলের কোনো হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমার মনে হচ্ছে এরা অনেক বড় একটা জাল তৈরি করেছে, যাতে আমার ছেলের বিচার না হয়।’


তিনি আরও বলেন, ‘আমি ওখানে এসপিকে বলেছিলাম, “স্যার আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার আল্লাহর কাছে দিলাম, কারণ এই বাংলাদেশে কোনো বিচার নাই।” আমি চাই, আমি যেভাবে কান্না করছি, এভাবে যেন কোনো বাপ কান্না না করে, কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমার ছেলের হত্যাকারীদের সুষ্ঠু বিচারের মধ্যে দিয়ে এই মেসেজটা জাতির কাছে যেন পৌঁছে যায়। সন্তান হারানোর যে কী কষ্ট আমি বুঝি।’


নিহত আজমুলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বিটা যেভাবে হারিয়ে গেছে, আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। আমি বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই, তারেক রহমানের কাছে আমার বিটা হত্যার বিচার চাই।’ কান্নাজড়িত কণ্ঠে আজমুলের মা বলেন, ‘আজ চারটা দিন হতে চললো এখনো আমি আমার বিটার হত্যার সুষ্ঠু বিচার পেলাম না। আমার বিটাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচারের জন্য আমি সব কিছু করবো, যা যা করতে হয়।’


এসময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, শিক্ষক আবু দেলোয়ার মুন্না, পরিবেশ সংগঠক আহসান হাবিব শিবলু ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)