দর্শনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপলোড তারিখঃ 2026-09-22 ইং
দর্শনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগে রফিকুল ইসলাম ও তার ছেলে রিফাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদল। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে দর্শনা পৌর ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দর্শনা রেলবাজার মুক্তমঞ্চ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সভায় বক্তব্য দেন দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, ছাত্রদল নেতা জাকির হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জল হোসেন মুফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ ও ছাত্রদল নেতা সোয়েবসহ অনেকে।


বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে নৈরাজ্য চালানো হয়েছে। তাদের দাবি, বর্তমানে দেশের বাইরে থেকে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। দর্শনাতেও আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী ও সহযোগী বিভিন্নভাবে শান্ত পরিবেশ নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, দর্শনার শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করা হলে ছাত্রদল, যুবদল ও বিএনপি ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করবে।
সম্প্রতি দর্শনায় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের অফিস ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা রাকিবুল হাসান ব্রাইটকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া রফিকুল ইসলামের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত রিফাত তার ফেসবুক আইডিতে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ করেন বক্তারা। তারা রিফাতকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


বক্তারা পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপপ্রচারের অভিযোগে রিফাতকে গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে রাজপথে অবস্থান নেবেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র নেতা মো. মুকিত, মো. আলতাব হোসেন, জাকির হোসেন, আজিজুল হক বিদ্যুৎ, ছাত্রদল নেতা আসিফ, হাসান, ফয়সালসহ পৌর, কলেজ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)