ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে আলমডাঙ্গা পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চুয়াডাঙ্গা পৌরসভা। গতকাল শনিবার বিকেল ৪টায় জেলার পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পায় চুয়াডাঙ্গা পৌরসভা।
তবে এই সেমিফাইনালের আগে টুর্নামেন্টে ঘটে যায় বিশেষ এক পরিবর্তন। সূচি অনুযায়ী সেমিফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভার প্রতিপক্ষ হওয়ার কথা ছিল জীবননগর পৌরসভা। কিন্তু ১৫ সেপ্টেম্বর আলমডাঙ্গা পৌরসভা ও জীবননগর পৌরসভার মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। জীবননগর পৌরসভা খেলার নীতিমালা ভেঙে পৌরসভার বাইরের একাধিক খেলোয়াড় মাঠে নামিয়েছেÑএমন অভিযোগ ওঠে।
অভিযোগের পর বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক-উজ-জামান তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর টুর্নামেন্টের নীতিমালা অনুযায়ী জীবননগর পৌরসভাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আলমডাঙ্গা পৌরসভাকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সূচিতে পরিবর্তন এনে সেমিফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভার মুখোমুখি হয় আলমডাঙ্গা পৌরসভা।
গতকাল শনিবারের সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ম্যাচের প্রথমার্ধের তৃতীয় মিনিটেই গোল করে চুয়াডাঙ্গা পৌরসভাকে এগিয়ে দেন শাকিল। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চুয়াডাঙ্গা পৌরসভা।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবারও গোলের দেখা পায় চুয়াডাঙ্গা পৌরসভা। গোল করে ব্যবধান ২-০ করেন হাসিফ। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আলমডাঙ্গা পৌরসভা। দ্বিতীয়ার্ধের ২৯তম মিনিটে জিনারুলের গোলে ম্যাচে ফেরার আশা জাগে আলমডাঙ্গার। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে চুয়াডাঙ্গা পৌরসভা।
খেলা শেষে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। চুয়াডাঙ্গা পৌরসভার শাকিল নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ। আর উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান চুয়াডাঙ্গার বাশার।
সেমিফাইনালের ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও খেলা প্রিয় দর্শক ও সাবেক বর্তমান খেলোয়াড়বৃন্দ।
আজ একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আলমডাঙ্গা উপজেলা বনাম দামুড়হুদা উপজেলা।
