ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে ফেলে চালক পালিয়ে যান। নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি চার-পাঁচ দিন আগে সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ে ফেরদৌসী খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হাতিকাটা গ্রাম এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন ছকিনা খাতুন। এসময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গাড়িটির নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরই মাইক্রোবাসটির চালক গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
