ছবির ক্যাপশন:
দেশের স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন সম্পন্ন করতে সময়সীমা বেঁধে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংস্থাটির নির্বাহী পরিচালক এনডিসি মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আগামী অক্টোবর মাসের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে এবং নভেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করতে হবে।
বিবৃতিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, স্থানীয় ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত গঠনতন্ত্রের আলোকে এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতাবলে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এডহক কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটির প্রধান দায়িত্ব হলো ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা। ইতোমধ্যে বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
এমতাবস্থায়, স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের নির্ধারিত পদ্ধতি অনুসরণে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে অক্টোবর মাসের মধ্যে তফসিল ঘোষণা এবং নভেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
