ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।
বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদ রেজা। এসময় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম নজু, প্রধান শিক্ষক আকবর আলী, সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ, শিক্ষক মোশারফ, করিম, আলম, মিঠু, নুরুল ইসলাম, আব্দুর জব্বার, আব্দুল জলিল, মোরজেম, সাইদুর, শিক্ষিকা রিনা খাতুন ও শেফালী খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া সরোজগঞ্জ বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমান শফি ও ক্রীড়া শিক্ষক খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র বলেন, মাছ আমাদের দেশের গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় ও মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা শুধু নিজেরাই সচেতন হবে না, পরিবারের সদস্য ও আশপাশের মানুষকেও জলাশয়ে বিষ প্রয়োগ, অবৈধভাবে মাছ ধরা এবং প্রজনন মৌসুমে মাছ শিকার থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করবে। জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদ রেজা বলেন, দেশের মৎস্য উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষায় জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করা গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার এ উদ্যোগ শিক্ষার্থীদের মৎস্য সম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকসহ অতিথিরা বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
