ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের দেশ ভাটার কর্মচারীর কাছ থেকে তেল কেনার নাম করে প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়া মোটরসাইকেল ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। পুলিশ জানায়, গত সোমবার বেলা ১০টার দিকে চিৎলা গ্রামের দেশ ভাটার কর্মচারী বাপ্পির কাছ থেকে তেল কেনার নাম করে একটি হিরো হোন্ডা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় চোরের দল। বিষয়টি জানার পর দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এসআই শামসু ও এসআই মহিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান শুরু করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মহেশপুর বাজারের একটি গ্যারেজে অভিযান চালায় পুলিশ। সেখানে চোরাই মোটরসাইকেলটি বিক্রির সময় পুলিশ সেটি জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যায়। জব্দ করা মোটরসাইকেলটির মডেল হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস ১০০। পরে উদ্ধার করা মোটরসাইকেলটি দামুড়হুদা মডেল থানার হেফাজতে রাখা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, দামুড়হুদার দেশ ভাটা থেকে তেল কেনার নাম করে প্রতারকরা একটি মোটরসাইকেল নিয়ে যায়। পরে মহেশপুর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
