চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জীবননগর পৌরসভা

বাইরের খেলোয়াড় খেলানোর অভিযোগ, তদন্তের নির্দেশ এডিসির

আপলোড তারিখঃ 2026-09-16 ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জীবননগর পৌরসভা ছবির ক্যাপশন:

৯০ মিনিটে গোল নেই। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হলো টাইব্রেকারে। চারটি শটের চারটিই জালে পাঠিয়ে আলমডাঙ্গা পৌরসভাকে ৪-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে জীবননগর পৌরসভা। তবে মাঠের জয় উদ্যাপনের আগেই শুরু হয়েছে বিতর্ক। টুর্নামেন্টের নীতিমালা ভেঙে জীবননগর পৌরসভা দলে পৌরসভার বাইরের একাধিক খেলোয়াড় খেলিয়েছে- এমন অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে ম্যাচ শেষে মাঠে উত্তেজনাও ছড়ায়। বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত নেওয়ার আশ^াস দিয়েছে প্রশাসন।


গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হয় আলমডাঙ্গা পৌরসভা ও জীবননগর পৌরসভা। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি কোনো দল। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষেও দুই দলের গোল সংখ্যা শূন্য।


এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নিজেদের চারটি শটের সব কটিতেই গোল করে জীবননগর পৌরসভা। শাকিল, অন্তু, তানজিম ও ফাহিম মাহমুদ গোল করেন। অন্যদিকে, আলমডাঙ্গা পৌরসভার চার শটের মধ্যে ইমন ও তানিম সরকার গোল করলেও সুমন ও জিয়ারুল ইসলাম ভদু গোল করতে ব্যর্থ হন। ফলে ৪-২ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে জীবননগর পৌরসভা।


মাঠে জীবননগরের জয় নিশ্চিত হওয়ার পরই সামনে আসে খেলোয়াড় নিবন্ধন নিয়ে অভিযোগ। অভিযোগ করা হয়, টুর্নামেন্টের নীতিমালা অনুযায়ী নিজ নিজ পৌরসভার খেলোয়াড় নিয়ে দল গঠনের কথা থাকলেও জীবননগর পৌরসভা দলে একাধিক পৌরসভার বাইরের খেলোয়াড় খেলিয়েছে। এ নিয়ে মাঠে উপস্থিত সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়লেও প্রশাসনের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।


অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিক উজ-জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটি বিষয়টি পর্যালোচনা করে যে সিদ্ধান্ত দেবে, সেটিই চূড়ান্তভাবে গ্রহণযোগ্য হবে বলে জানান তিনি।


তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আপাতত বিজয়ী দলের তালিকায় জীবননগর পৌরসভাই থাকছে।


এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার, সহকারী কমিশনার এ.এস.এম. আব্দুর রউফ শিবলু, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, ফাহাদ চৌধুরীসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। মাঠের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন জেলার পুলিশের সদস্য, রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা।


টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ আজ বুধবার একই মাঠে অনুষ্ঠিত হবে। এতে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও দামুড়হুদা উপজেলা মুখোমুখি হবে। এ ম্যাচে উভয় দলের বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের কথা রয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)