ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গোলের বন্যা বইয়ে দিয়েছে আলমডাঙ্গা উপজেলা দল। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের ম্যাচে জীবননগর উপজেলা দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। দুর্দান্ত এই জয়ে বড় অবদান রেখেছেন আলমডাঙ্গার নাইজেরিয়ান খেলোয়াড় ইডেন। একাই তিন গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিকের কীর্তি গড়েছেন তিনি।
গতকাল সোমবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলমডাঙ্গা। ম্যাচের ২১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইডেন। ছয় মিনিট পর, ২৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই নাইজেরিয়ান খেলোয়াড়। দুই মিনিট পর, ২৯ মিনিটে মিনারুলের গোলে আলমডাঙ্গার গোল দাঁড়ায় ৩-০।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আলমডাঙ্গা। ৫৬ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইডেন। এরপর ৫৭ মিনিটে দলের অধিনায়ক মিরাজ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-০। ম্যাচের ৮৪ মিনিটে জাহিদের গোলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করে আলমডাঙ্গা উপজেলা দল।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আলমডাঙ্গা উপজেলা দলের অধিনায়ক মিরাজ। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের নগদ পুরস্কার তুলে দেন আলমডাঙ্গা মন্ডল স্পোর্টসের স্বত্বাধিকারী মামুনুর রশিদ মন্ডল।
হ্যাটট্রিক করা নাইজেরিয়ান খেলোয়াড় ইডেনকে ১ হাজার টাকা উপহার দেন জাহাঁপুর গ্রামের রাসেল বিশ্বাস। এছাড়া ম্যাচের প্রথম গোলদাতা ইডেনকে ১০০ টাকা উপহার দেন মাঠের বাদাম বিক্রেতা আয়াতুল্লাহ।
ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে এসব পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিক-উজ-জামান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এনডিসি আলাউদ্দিন আল আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজী, সাবেক ফুটবলার ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু, ক্রীড়া সংগঠক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ারদার রেজা, নাজমুল হক শান্তিসহ অনেকে।
আলমডাঙ্গা উপজেলা দলের কোচের দায়িত্বে ছিলেন সাবেক ফুটবলার শরিফুল ইসলাম। ম্যানেজারের দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুনুর রশিদ মন্ডল। টিম অফিসিয়াল হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা দলের সাবেক কৃতী গোলরক্ষক বাবলু, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন, মোহাম্মদ আলী সিদ্দিক, মহসিন কামাল ও ইউনুস মাস্টার।
ম্যাচের ধারাভাষ্য প্রচার করেন ইসলাম রকিব, হেলাল উদ্দিন ও বাঁধন। এদিকে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে আজ (১৬ সেপ্টেম্বর) বুধবার একই মাঠে মুখোমুখি হবে আলমডাঙ্গা পৌরসভা দল ও জীবননগর পৌরসভা দল।
