ছবির ক্যাপশন:
দর্শনায় ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সিএন্ডএফ ব্যবসায়ী মো. রায়হান মিয়াকে আসামি করার প্রতিবাদ জানিয়েছে দর্শনা ল্যান্ড কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। একই সঙ্গে মামলা থেকে রায়হান মিয়ার নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার সওকত আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর দর্শনা রেলইয়ার্ডে ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম দর্শনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সিএন্ডএফ ব্যবসায়ী মেসার্স ফিজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রায়হান মিয়াকে আসামি করা হয়েছে।
হাজী খন্দকার সওকত আলী বলেন, রফিকুল ইসলাম ও রায়হান মিয়ার মধ্যে ব্যবসায়িক মনোমালিন্য বা প্রতিযোগিতা থাকতে পারে। তবে এ কারণে কোনো ব্যবসায়ীকে হয়রানি করা সমীচীন নয়। এ ঘটনায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
তিনি বলেন, কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণ, হামলা বা ভাঙচুর কখনোই কাম্য নয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তার প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মামলা থেকে সিএন্ডএফ ব্যবসায়ী মো. রায়হান মিয়ার নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আশরাফুল আলম, সহসভাপতি মাহবুবুল ইসলাম খোকন, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনির, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম পাঠান, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম এবং সদস্য রবিউল ইসলাম ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
