ঝিনাইদহ গোরস্থান থেকে উত্তোলন করা আফগান নাগরিকের লাশ কাবুলে দাফন

আপলোড তারিখঃ 2026-09-14 ইং
ঝিনাইদহ গোরস্থান থেকে উত্তোলন করা আফগান নাগরিকের লাশ কাবুলে দাফন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ পৌর গোরস্থান থেকে উত্তোলন করা আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর লাশ নিজ দেশে দাফন করা হয়েছে। মৃত্যুর ১৫৩ দিন পর আফগানিস্তানের রাজধানী কাবুলে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে। হাসমত মোহাম্মদীর বাংলাদেশি আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হাসান মাসুম গতকাল রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা শেষে বাংলাদেশ থেকে তাঁর মরদেহ গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে কাবুলে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। দীর্ঘ অপেক্ষার পর প্রিয়জনের মরদেহ ফিরে পাওয়ার মুহূর্তটি সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।


উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে হাসমতের মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি। পরিচয় শনাক্ত না হওয়ায় পরদিন ১৪ এপ্রিল আইনি প্রক্রিয়া শেষে তাঁকে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় গোরস্থানে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মরদেহের ছবি দেখে আফগানিস্তানে থাকা স্বজনেরা হাসমতের পরিচয় শনাক্ত করেন। ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে নিতে উদ্যোগ নেয় পরিবার।


মরদেহ ফিরিয়ে নিতে নিহত হাসমতের ভাই ইমাল মোহাম্মাদী আফগানিস্তান থেকে বাংলাদেশে এসে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালান। প্রয়োজনীয় কাগজপত্র ও প্রশাসনিক অনুমোদনের পর গত ১ সেপ্টেম্বর ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় গোরস্থান থেকে হাসমতের মরদেহ উত্তোলন করে ঢাকায় নেওয়া হয়।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় প্রশাসনিক ও এয়ার কার্গো সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে গত ১১ সেপ্টেম্বর দুবাইয়ের একটি ফ্লাইটে মরদেহটি কাবুলে পাঠানো হয়। পরবর্তীতে ১২ সেপ্টেম্বর স্বজনদের উপস্থিতিতে জানাজা শেষে বাবার কবরের পাশে হাসমতকে দাফন করা হয়।


ঝিনাইদহে এসে আইনি লড়াই চালানো ইমাল মোহাম্মাদী রোববার দুপুরে এক ক্ষুদেবার্তায় জানান, তাঁর ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে নিতে সহযোগিতা করায় বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঝিনাইদহের সংবাদকর্মীদের প্রতি পুরো পরিবার কৃতজ্ঞ। তিনি বলেন, ‘দীর্ঘ এই জটিল প্রক্রিয়ায় সবার সহযোগিতা ছাড়া আমার ভাইয়ের মৃতদেহ নিজ দেশে ফিরিয়ে আনা সম্ভব হতো না। যারা আমাদের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমরা চিরঋণী।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)