ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নাবিল হোসেন (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মানিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাবিল হোসেন উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডিএস আমানিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বাড়িতে টিফিন খেয়ে সাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিল নাবিল। পথে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
