ছবির ক্যাপশন:
মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৭৯ জনের মাঝে ১ লাখ ৭৯ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অর্থ তুলে দেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এসময় তিনি বলেন, জেলা প্রশাসনের স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন সময়ে অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, অনুদানের অর্থ তাদের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
