ছবির ক্যাপশন:
‘মাদক তো নয়, খেলাধুলা করি, মাদকমুক্ত দেশটা গড়ি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ইতিবাচক মানসিকতা তৈরিতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে মাদক, অনলাইন জুয়া, কিশোর অপরাধসহ নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতেও খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, জেলার তরুণ ও যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, ক্রীড়াক্ষেত্রে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি এবং খেলাধুলার মাধ্যমে মাদকবিরোধী ও সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আগামী ১৩ সেপ্টেম্বর রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন। এছাড়া চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এবং সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর লোগো উন্মোচন ও অফিসিয়াল থিম সং প্রকাশ করা হয়। পাশাপাশি টুর্নামেন্টের খেলার সময়সূচিও সাংবাদিকদের অবহিত করা হয়। জানা যায়, ১৩ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা বনাম দর্শন পৌরসভা, এবং ১৪ সেপ্টেম্বর আলমডাঙ্গা বনাম জীবননগর পৌরসভা, ১৫ সেপ্টেম্বর আলমডাঙ্গা বনাম জীবননগর পৌরসভা, ১৬ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলা বনাম দামুড়হুদা উপজেলার খেলা অনুষ্ঠিত হবে। খেলার প্রথম সেমিফাইনাল ১৯ সেপ্টেম্বর ম্যাচ ১-এর বিজয়ী বনাম ম্যাচ ৩-এর বিজয়ী এবং দ্বিতীয় সেমিফাইনাল ২০ সেপ্টেম্বর ম্যাচ-২ এর বিজয়ী বনাম ম্যাচ ৪-এর বিজয়ী। এবং ফাইনাল ম্যাচের সময়সূচি পরবর্তীতে অবহিত করা হবে বলে জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের লোগোর মাধ্যমে খেলাধুলার প্রতি অঙ্গীকার, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়েছে। অন্যদিকে, টুর্নামেন্টের থিম সংয়ে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা, সুস্থতা, উদ্দীপনা, সম্প্রীতি ও ইতিবাচক চেতনা তৈরির বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও যৌতুক প্রতিরোধের বিষয়ও এতে তুলে ধরা হয়েছে।
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে বাইরের দেশের খেলোয়াড়ও থাকবে। টুর্নামেন্টের প্রচারণায় গাড়িতে করে মাইকিং ও থিম সং প্রচার করা হবে। তিনি আরও জানান, টুর্নামেন্টে কোনো টিকিটের ব্যবস্থা থাকবে না। সাংবাদিকদের জন্য আলাদা জায়গা বরাদ্দ থাকবে, যাতে তারা সুন্দরভাবে সংবাদ কভার করতে পারেন। এছাড়া পঞ্চম থেকে দশম শ্রেণির সকল স্কুলের শিক্ষার্থীদের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচে স্কুলের পক্ষ থেকে মাঠে খেলা দেখতে নিয়ে আসা হবে। দর্শক ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হ্যাজি, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামরুজ্জামান সেলিস, যমুনা টিভির স্টাফ রিপোর্টার জিসান, সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম সামি, আজকের চুয়াডাঙ্গার স্টাফ রিপোর্টার মুন্না রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
