ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সোহেল আহম্মেদ ওরফে সোহেল রানা (৩০) নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। এসময় তাঁর কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘরিয়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় খেদের আলীর চায়ের দোকানের সামনে পাকা সড়কের পাশ থেকে সোহেলকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহেল শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ-মানিকদিহি পাড়ার শরীফের ছেলে।
পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে সামারি ট্রায়াল আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহফুজুর রহমান নওশাদ বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। মাদক বিক্রি, সরবরাহ বা বহনের তথ্য পেলে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।
