ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার সোনার মোড় এলাকায় মাদকবিরোধী নিয়মিত চেকপোস্ট ও অভিযান চালিয়ে ট্যাপেন্টাডলসহ সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সোনার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও বিস্তার রোধে পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নিয়মিত চেকপোস্ট ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই সরদার হাছিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সোনার মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে। একই সঙ্গে সোনার মোড় থেকে ভুগাইল-বগাদী মাঠের ভেতরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে মদিনাবাগ তালেমুল কোরআন মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের সামনে সন্দেহজনক অবস্থায় সাব্বির হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার সাব্বির হোসেন আলমডাঙ্গা উপজেলার শালিকা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও কেনাবেচা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও প্রবেশপথে চেকপোস্ট জোরদারের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
