ছবির ক্যাপশন:
ঝিনাইদহের শৈলকুপায় চাহিদামতো রাসায়নিক সার না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় কৃষকেরা। গতকাল শনিবার উপজেলার ব্যস্ততম গাড়াগঞ্জ বাজারের মূল সংযোগ সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সড়ক অবরোধের কারণে শৈলকুপা-গাড়াগঞ্জ রুটে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সারের দাবিতে শনিবার শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ পুরাতন বাজার এলাকার সার ডিলার আওয়ামী লীগের সাবেক এমপি কারাবন্দি নায়েব আলী জোয়ার্দ্দারের মালিকানাধীন 'মেসার্স শুভ এন্টারপ্রাইজ'-এ জড়ো হন বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক। তবে ডিলারের প্রতিষ্ঠানে গিয়ে সারের আকুতি জানালে সেখানকার কর্মচারীরা সার বিক্রি করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন। সারের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ডিলারের এমন টালবাহানা ও বিরূপ ব্যবহারে চরম অসন্তুষ্ট হয়ে পড়েন উপস্থিত কৃষকেরা।
ডিলার পয়েন্ট থেকে খালি হাতে ফিরে এসে উত্তেজিত কৃষকেরা একত্রিত হন এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তাৎক্ষণিকভাবে গাড়াগঞ্জ-শৈলকূপা প্রধান সংযোগ সড়কে বড় বড় গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেন। অবরোধ চলাকালে বিক্ষুব্ধ কৃষকরা সারের কৃত্রিম সংকট নিরসন ও ডিলারদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। হঠাৎ করে সড়ক অবরোধের ফলে উভয় পাশে অসংখ্য যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, সিএনজি ও থ্রি-হুইলার আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধ ও চরম যাতায়াত ভোগান্তির সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা আরিফুজ্জামান এবং শৈলকুপা থানা-পুলিশের একটি দল। সেখানে গিয়ে কৃষি কর্মকর্তারা উত্তেজিত কৃষকদের শান্ত করেন এবং ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে দ্রুত সার পৌঁছে দেওয়ার জোরালো প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে স্থানীয় ডিলার পয়েন্ট থেকে তাৎক্ষণিকভাবে কৃষকদের মাঝে সার বিতরণের ব্যবস্থা করা হয়।
কৃষক আব্দুল রহমান জানান, অবরোধের পর ডিলার কীভাবে সার দিলেন? এতেই বোঝা যায় সরকারকে বেকায়দায় ফেলতে সার থাকতে না দিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি ফ্যাসিস্ট আ'লীগ নেতার ডিলারশিপ বাতিলের দাবি জানান।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সার পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে গাড়াগঞ্জ এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঝামেলার সৃষ্টি হয়েছিল। পুলিশ ও উপজেলা কৃষি বিভাগ দ্রুত উদ্যোগ নিয়ে ঘটনাস্থলে **পৌঁছে** কৃষকদের সাথে আলোচনা করে সমস্যার নিরসন করে। সার পাওয়ার নিশ্চয়তা পেয়ে কৃষকরা সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর আবার যান চলাচল স্বাভাবিক হয়।
