জীবননগর মাধবপুরে ৩২ দলের অংশগ্রহণে লাঠিখেলা টুর্নামেন্ট

মাঠে দর্শকের ঢল, মাতলো শিশু-বৃদ্ধরা

আপলোড তারিখঃ 2026-09-06 ইং
জীবননগর মাধবপুরে ৩২ দলের অংশগ্রহণে লাঠিখেলা টুর্নামেন্ট ছবির ক্যাপশন:

গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার সেই চেনা দৃশ্য, মাঠজুড়ে দর্শকের ভিড়, চারপাশে উৎসবের আমেজ। লাঠির ছন্দময় ঘূর্ণন আর খেলোয়াড়দের কসরত দেখে উচ্ছ্বসিত দর্শক। এমনই এক প্রাণবন্ত আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিখেলা টুর্নামেন্ট।

গতকাল শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ লাঠিখেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নেয় মোট ৩২টি দল। খেলাকে ঘিরে সকাল থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ- সব বয়সের দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় মিলনমেলায়।

লাঠিখেলার নানা কৌশল আর খেলোয়াড়দের দক্ষতায় মুগ্ধ হন দর্শকেরা। লাঠির ঝনঝনানি, খেলোয়াড়দের ক্ষিপ্রতা এবং একের পর এক কসরত দেখে মুহূর্তেই জমে ওঠে পুরো আয়োজন। খেলা দেখতে আসা দর্শকেরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

স্থানীয়দের কাছে লাঠিখেলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি গ্রামবাংলার পুরোনো সংস্কৃতি ও ঐতিহ্যেরও একটি অংশ। সময়ের সঙ্গে আধুনিক বিনোদনের নানা মাধ্যম জনপ্রিয় হওয়ায় ঐতিহ্যবাহী এ খেলাটি অনেকটা হারিয়ে যেতে বসেছে। তাই এমন আয়োজন স্থানীয় মানুষের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

দিনভর খেলা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাধবপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব জয়নাল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার ও জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম, হাসাদাহ ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনুর রশিদ, মাধবপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান আছুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আলিহিম ও আব্দুল খালেক। খেলা পরিচালনা করেন শহিদুল ইসলাম।

টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মেম্বার প্রার্থী কামাল হোসেন, মোশাররফ হোসেন, মইদুল ইসলাম, নাজিরুল ইসলাম, নাসরুল ইসলাম, মনু, জসিম উদ্দীন, আলম, নয়ন, শফি, রওশনসহ স্থানীয়রা।

দিনব্যাপী এই আয়োজনের মধ্যদিয়ে মাধবপুরে শুধু একটি খেলা অনুষ্ঠিত হয়নি; বরং নতুন প্রজন্মের সামনে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা একটি ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। লাঠির ঝনঝনানিতে এক দিনের জন্য হলেও যেন ফিরে এসেছিল গ্রামবাংলার সেই পুরোনো দিনের প্রাণচাঞ্চল্য।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)