মৃত্যুর ২৫ দিন পর দেশে ফিরল ইরাকপ্রবাসী রেজাউলের মরদেহ

জীবননগর মৃগমারী গ্রামজুড়ে শোকের ছায়া

আপলোড তারিখঃ 2026-09-04 ইং
মৃত্যুর ২৫ দিন পর দেশে ফিরল ইরাকপ্রবাসী রেজাউলের মরদেহ ছবির ক্যাপশন:

মৃত্যুর ২৫ দিন পর ইরাকপ্রবাসী রেজাউল ইসলামের (৩০) মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। রেজাউল ইসলাম জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের রহিম হুজুরের ছেলে। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রায় ৮ বছর আগে তিনি ইরাকে পাড়ি জমান।


পরিবার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে ইরাকের রাজধানী বাগদাদের আল-মনসুর এলাকার একটি রেস্টুরেন্টে দায়িত্ব পালন করছিলেন রেজাউল। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘ অপেক্ষা ও নানা প্রক্রিয়া শেষে বুধবার দিবাগত রাতে একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় মৃগমারী গ্রামের বাড়িতে। বেলা ২টার দিকে অ্যাম্বুলেন্সটি বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। শেষবারের মতো প্রিয় মানুষটিকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।


রেজাউলের বাবা রহিম হুজুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৮ বছর আগে ছেলে বিদেশে পাড়ি জমায়। কষ্টার্জিত অর্থ দিয়ে বাড়ি তৈরি ও সম্পদ গড়ে তুলেছিল। বাড়িতে তার বিয়ের প্রস্তুতিও চলছিল। শিগগিরই দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু এলোমেলো করে দিয়েছে। যে বাড়িতে বিয়ের আনন্দ হওয়ার কথা ছিল, সেই বাড়িতে এখন শুধু কান্না আর আহাজারি।


প্রতিবেশীরা জানান, রেজাউল অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী স্বভাবের ছিলেন। ভাগ্যের পরিবর্তনের আশায় অল্প বয়সেই প্রবাসজীবনে পাড়ি জমান তিনি। দীর্ঘ আট বছর পর দেশে ফেরার প্রস্তুতিও চলছিল। কিন্তু দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বাদ আছর জানাজা শেষে মৃগমারী গ্রামের পারিবারিক কবরস্থানে রেজাউল ইসলামকে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)