ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস/প্রতিবেদক, দামুড়হুদা:
আলমডাঙ্গায় মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর বটতলা মোড়ে রবজেলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে হাউসপুর গ্রামের একরামুল হকের ছেলে মো. সোহানুর রহমানকে (২০) আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গাঁজার ওজন এক গ্রাম এবং আনুমানিক মূল্য ২০০ টাকা। পরে রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার করা গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
অপর একটি অভিযানে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গড়চাপড়া পূর্বপাড়ার জামাল উদ্দিনের মুদির দোকানের সামনে পাকা সড়ক থেকে মুন্সিগঞ্জ জেহালা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. ইয়াছিন হোসেন ওরফে হৃদয় (২০) এবং গোপালনগর গ্রামের মো. জাফর আলীর ছেলে মো. আব্দুস সালামকে (২০) গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে পাঁচ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাপেন্টাডলের ওজন ১ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৭৫০ টাকা। পরে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করা আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত সোহানুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া ইয়াছিন হোসেন ওরফে হৃদয় এবং মো. আব্দুস সালামকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে, দামুড়হুদা মডেল থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ গ্রাম গাঁজাসহ এক মাদকসেবিকে আটক করেছে। আটকৃত আয়নাল হক (৪৪) দলকা লক্ষ্মীপুর গ্রামের মৃত রহিম বিশ্বাসের ছেলে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে দলকা লক্ষ্মীপুর গ্রামে আয়নাল হকের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। গতকাল বুধবার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রায়ালে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের নেতৃত্বে বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন দলকা লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত রহিম বিশ্বাসের ছেলে আয়নাল হককে তার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোঁচর থেকে নীল পলিথিনে মোড়ানো ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামিকে থানায় নিয়ে আসা হয় এবং সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে সমর্পণ করা হলে আদালত আসামি আয়নাল হককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী ও ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
